মানব আচরণের একটি বৈশিষ্ট‍্য হল, যখন কেউ আমাদের কষ্ট দেয়, তখন আমরা স্বাভাবিকভাবেই প্রতিশোধ নিতে নেওয়ার জন‍্য প্রস্তুত হয়ে যাই। আমাদের অহংকার বা আত্মসম্মানে আঘাত লাগে। আমাদের প্রত্যাশা বা স্বপ্ন ভেঙে যায়। আমরা এমন কিছু হারাই যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং আমরা তার ক্ষতিপূরণ চাই।

কিন্তু ক্ষমা করতে অনাগ্রহের পেছনে আরও কিছু বাধা কাজ করে। আমাদের স্বয়ংক্রিয় চিন্তাভাবনা বা বিশ্বাস আমাদের অন্যদের ক্ষমা করা থেকে বিরত রাখে। আমরা নিজেদের বলি, “আমি ক্ষমা করব না কারণ সে কখনো তার কাজের দায় স্বীকার করে না” বা “আমি ক্ষমা করলে ভণ্ড হয়ে যাব, কারণ আমি আসলে ক্ষমা করতে চাই না” অথবা “ক্ষমা দুর্বলতার লক্ষন”।

আচরণের ব্যাখ্যাও ক্ষমা করার পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন কেউ আমাদের কষ্ট দেয় বা হতাশ করে, তখন আমরা মনে করি এটি তার ব্যক্তিত্ব বা চরিত্রের বৈশিষ্ট্যের কারণে হয়েছে। আমরা বলি, “সে খুবই ভুলোমনা বা অসতর্ক” অথবা “সে আমাকে কোনো মূল্যই দেয় না” কিংবা “সে ইচ্ছে করেই এমন করেছে”— আমরা তাদের কঠোরভাবে বিচার করি।

ক্ষমার প্রভাব

ক্ষমা করা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর বিশাল প্রভাব ফেলে।

কিন্তু যখন আমরাই অন্যদের কষ্ট দিই বা ভুল করি, তখন আমরা আমাদের আচরণের জন্য বাহ্যিক কারণকে দায়ী করি। তখন আমরা বলি, “আমার সন্তান ঘর নোংরা করে ফেলেছিল” বা “রাস্তায় দুর্ঘটনার জন্য আমি দেরি করেছি”। আমরা নিজেদের সহজেই ছাড় দিয়ে দেই এবং ব্যর্থতার জন্য অনুমতি দিই।

মূল দোষারোপের ভুল (Fundamental Attribution Error)

মনোবিজ্ঞানীরা এটিকে “Fundamental Attribution Error” বলে থাকেন। এর অর্থ হলো, আমরা অন্যদের আচরণের সম্পূর্ণ দায় তাদের উপর চাপাই, কিন্তু নিজেদের ভুলগুলো পরিস্থিতির কারণ বলে ব্যাখ্যা করি। অর্থাৎ, “আমার দোষ নয় কারণ [এখানে কোন একটি অজুহাত বসিয়ে নিন]”। তবে এটা মনে রাখা জরুরি যে, কোনো ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দাঁড় করানোর মানে এই নয় যে অপরাধী ব্যক্তি নৈতিক দায় থেকে মুক্ত। কাউকে ক্ষমা করা তার কাজের পরিণতি মুছে ফেলে না।

সহানুভূতির অভাব এবং ক্ষমার বাধা

সহানুভূতির অভাবও আমাদের ক্ষমা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। কারণ, ক্ষমার পথ তৈরি করতে সহানুভূতি হলো মানসিক সেতু। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে অন্যদের জন্য সহানুভূতি গড়ে তুলতে পারি।

আমরা কখনোই পুরোপুরি জানতে পারি না কোন একটি নির্দিষ্ট আচরণ কোন একজন ব‍্যক্তি ঠিক কী কারণ করেছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন সহানুভূতি ও ক্ষমার প্রসার ঘটে এবং সেই আঘাতের ঘটনাকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এর জন্য আমাদের উচিত মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা, তাদের চরিত্র বা উদ্দেশ্য সম্পর্কে দ্রুত নেতিবাচক সিদ্ধান্তে না পৌঁছানো। এমন একটি সময়ের কথা মনে করুন যখন আপনারও ক্ষমার প্রয়োজন হয়েছিল।

ক্ষোভকে জীবনভর বন্দি রাখবেন না

ক্ষোভকে কখনো আপনার জীবনকে বন্দি করতে দেবেন না; এটি আপনাকে ধ্বংস করে দেবে এবং আপনার অন্যান্য সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করবে।

আপনি কখন এমন কাউকে সহানুভূতি দেখাতে পেরেছেন, যে আপনাকে কষ্ট দিয়েছে? নিজেকে জিজ্ঞাসা করুন, “আমি কি তিক্ততা চাই, নাকি উন্নতি?”

ক্ষমা করা আমাদের ব্যক্তিগত মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যকে ক্ষমা করা কেবল তাদের জন্য নয়, বরং এটি আমাদের নিজের হৃদয়ের জন্যও প্রয়োজনীয়।

লুইস স্মিডসের কথা:

লুইস স্মিডস লিখেছিলেন,
“ক্ষমা করা মানে বন্দিকে মুক্ত করা… এবং পরে উপলব্ধি করা যে সেই বন্দি ছিলাম আমি নিজেই।”

আপনার কষ্টকে রাতারাতি ভুলে যাওয়া সম্ভব নয়। এটি সময়সাপেক্ষ, কিন্তু যত বেশি আপনি এই লক্ষ‍্যে কাজ করবেন, ততই দেখবেন এটি আসলেই মূল্যবান।

ক্ষমার শেকড়

ক্ষমা করার ক্ষমতা মূলত আমাদের নিজেদের ক্ষমা পাওয়ার অভিজ্ঞতার সাথে যুক্ত। পরামর্শদাতারা বলেন, “যারা কষ্ট পায়, তারা অন্যদের কষ্ট দেয়।” আমরা কেউ নিখুঁত নই। মানুষ হিসেবে, আমরা একে অপরকে কষ্ট দেওয়ার প্রবণতা রাখি। আমাদের কেউই এমন নিখুঁত জীবন যাপন করিনি যেখানে আমাদের কখনো ক্ষমার প্রয়োজন হয়নি।

ধর্মীয় দৃষ্টিকোণ

ইঞ্জিল শরীফে বলা হয়েছে, “আল্লাহ্ বিশ্বকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন, যাতে আমরা ক্ষমা পেতে পারি” (যোহন ৩:১৬)।

এই পৃথিবীতে থাকাকালীন ঈসা প্রচণ্ড কষ্ট, প্রত্যাখ্যান ও অপমানের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগের শেষ কথায় তিনি আল্লাহকে অনুরোধ করেছিলেন “যারা তাঁকে হত্যা করছে, তাদের ক্ষমা করতে”।

এরপর ঈসা, যিনি একমাত্র পাপহীন মানুষ, মানবজাতির সমস্ত পাপের মূল্য পরিশোধ করতে ক্রুশবিদ্ধ হন। এর ফলে, যে কেউ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে এবং তাদের সৃষ্টিকর্তার সাথে পুনর্মিলিত হতে পারে।

শেষ কথা

যখন আপনি জানেন যে আল্লাহ আপনাকে সমস্ত ভুলের জন্য ক্ষমা করেছেন, তখন অন্যদের ক্ষমা করা অনেক সহজ হয়ে যায়। তাঁর সাহায্যে, আপনি অন্যদের ক্ষমা করতে পারবেন, এমনকি সেই ক্ষত খুব গভীর হলেও। এর জন‍্য সময় ও প্রচেষ্টা লাগতে পারে, কিন্তু এটি মূল্যবান।




এই প্রবন্ধটির লেখক: Lynette Hoy, NCC, LCPC

ছবি স্বত্ব: Xavier Sotomeyer